বইয়ের নাম: হলদে গোলাপ
লেখক: স্বপ্নময় চক্রবর্তী
প্রকাশক: দে'জ পাবলিশিং
প্রথম প্রকাশ: জানুয়ারি ২০১৫
ষষ্ঠ সংস্করণ: ডিসেম্বর ২০১৬
মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা (ভারতীয় মুদ্রা)
পৃষ্ঠা সংখ্যা: ৫৯২ পৃষ্ঠা
গ্রন্থের প্রকৃতি: সমকালীন উপন্যাস
প্রচ্ছদ: গৌতম সেনগুপ্ত
১
আনন্দ পুরস্কার প্রাপ্ত ‘হলদে গোলাপ’ উপন্যাসটির লেখক স্বপ্নময় চক্রবর্তী। বইটা পশ্চিমবঙ্গের। এলজিবিটি, রূপান্তরকামী, তৃতীয় লিঙ্গ আমরা যে নামেই ডাকিনা কেন তাদের নিয়ে বাংলা ভাষায় এরকম বৃহৎ পরিসরে কাজ এর আগে হয়েছে বলে আমার জানা নেই। বিষয়বস্তু বা প্রেক্ষাপট নির্বাচনের দিক থেকে ‘হলদে গোলাপ’ একঅর্থে একটি দুর্দান্ত উপন্যাস।
মানুষের লিঙ্গ পরিচয়ের সমস্যা তুলে ধরতে গিয়ে লেখক অক্লান্ত পরিশ্রমে ইতিহাস, নৃ-বিজ্ঞান, সমাজতত্ত্ব, শরীর বিজ্ঞান, মনস্তত্ত্ব, মিথ ইত্যাদি ঘেঁটেছেন। উপন্যাসটিতে মনস্তাত্ত্বিক ও শারীরিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া কিছু মানুষের প্রাত্যহিক জীবনের গল্প তিনি আশ্চর্য মায়াময় দক্ষতায় চিত্রিত করেছেন। আমরা মেয়েলি টাইপের ছেলেদের অনেক সময় অপমানিত হতে দেখি, তাদের নিয়ে হাসাহাসি করি কিন্তু তাদের ভেতরকার কষ্ট, হাহাকার বা চিন্তা ভাবনার বিচিত্র জগত নিয়ে ক’জনইবা মাথা ঘামাই! লেখক সমাজের এই অবহেলিত অংশটা নিয়েই কাজ করেছেন।
২
লেখক স্বপ্নময় চক্রবর্তী তার ভাবনা এবং তথ্যের সন্নিবেশ করেছেন উপন্যাসের মূল চরিত্র অনিকেতের মাধ্যমে, অনিকেত পেশায় একজন সাংবাদিক। তবে তথ্যের বিপুল সন্নিবেশ ও পুনরাবৃত্তিতে ক্ষেত্রবিশেষে উপন্যাসটি স্বকীয়তা হারিয়েছে বলে আমার ধারণা। মাঝে মাঝে আমি নিজেও বিভ্রান্ত হয়েছি এই ভেবে যে, আমি কি পড়ছি? উপন্যাস নাকি প্রবন্ধ! কখনো কখনো এই অনুভূতি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একজন পাঠক যখন উপন্যাস পাঠ করতে বসেন তখন তারমধ্যে স্বভাবতই প্রবন্ধ পাঠ করার মানসিক প্রস্তুতি থাকে না।
৩
এই উপন্যাসের মাধ্যমে পাঠককে জ্ঞান দেবার একটা সুপ্ত বাসনা লেখকের মস্তিষ্কে কাজ করেছে বলে মনে হয়েছে। একজন লেখক যদি পাঠকের মনের অগোচরে সেই কাজটি সেরে ফেলতে পারেন তবে সেটা তার মুন্সিয়ানা নতুবা তথ্যের ভারে ক্লান্ত পাঠকের মনে বিরক্তিভাব জাগতে পারে। তবে যারা এলজিবিটিকিউ নিয়ে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী তাদের জন্য এই উপন্যাসটি তথ্যের আধার মানতেই হবে। বইটির প্রচ্ছদ ও অলংকরণ চমৎকার। মজবুত বাইন্ডিং ও ঝকঝকে সাদা পেজের বইটা দেখতেও দারুণ! এটি প্রকাশিত হয়েছে দে'জ পাবলিশিং কলকাতা থেকে। আমি রকমারি ডট কম এর ক্যাটালগ ঘেঁটে সংগ্রহ করেছি। কেউ আগ্রহী হলে তার মতো করে সংগ্রহ করতে পারেন।
৪
বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক বইপাঠে আগ্রহী পাঠকদের জন্য ‘হলদে গোলাপ’ সংগ্রহে রাখার মতো একটা বই।
হ্যাপি রিডিং
শুভ কামনা নিরন্তর।
সুমন সুবহান।
পোস্ট ভিউঃ 50