কাব্যগ্রন্থ: কবিতা এবং শব্দের শরীর
কবি: খন্দকার কামরুল আরেফীন
প্রকাশক: নোলক প্রকাশন
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২২
প্রচ্ছদ: আইয়ুব আল আমিন
১
কবি কোথায় থাকেন জানি না। কবি কি করেন তাও জানি না। শুধু জানি কবি প্রতিদিন গড়ে ৩/৪ টা কবিতা তার পেইজে/টাইমলাইনে পোস্ট করে থাকেন। তার লেখা কিছু কবিতা জানি, পড়ে দেখবার সুযোগ হয়েছে। কবির মনোভূমি নিঃসন্দেহে খুবই উর্বর। জানি না তিনি এই জীবনে কত সংখ্যক কবিতা লিখেছেন, আন্দাজ করি ২/৩ হাজার হবে সম্ভবত। আমি কবি খন্দকার কামরুল আরেফীন-এর কথা বলছি। একটা কাব্যগ্রন্থে যদি গড়ে ৫০টা কবিতা থাকে, এবং সেখান থেকে যদি ৩/৪টা কবিতাও আমার অনুভূতিকে নাড়া দিয়ে যায়, ভাবনাকে আলোড়িত করে তাহলে কাব্যগ্রন্থের পিছনে ব্যায়কৃত অর্থের কারণে দুঃখবোধ অনুভব করি না। কবি কামরুলের লেখা অনেক কবিতাই আমাকে স্পর্শ করেছে। সেই অনুভূতি একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত তার কাব্যগ্রন্থ ‘কবিতা এবং শব্দের শরীর’ কিনতে আমাকে উৎসাহিত করেছে।
২
কবি তার লেখা কবিতায় নদীকে কখনো নারীর সাথে, আবার কখনো মনের সাথে মিলিয়ে দিয়েছেন। নিপুণ দক্ষতায় উপমার ব্যবহার, শব্দের প্রয়োগ, ভাষার কারুকার্য কাব্যগ্রন্থের ৭২টা কবিতাকে আলাদা আলাদা রূপ-স্বাদ-গন্ধ দিয়েছে। যেমন,
এই যে সোনাদীঘির জল, তার ছোট ছোট ঢেউ,
সেওতো জানে
কতটা দুঃখ পুষে রেখেছি রোজ বুকের খাঁচায়!
কত শত কান্না বুকের ভেতর,
যতবার এসে ছুঁয়েছি তার শীতল জল,
সেই বুঝেছে কী প্রার্থনা আমার!
আমি কী চাই, কীসে ভালো থাকি।
কিংবা
শরীরের ভাঁজ খুলে দাও, অবারিত করো দুই হাত,
মিশে যেতে দাও শুক্লাম্বরী চাঁদের কলঙ্কের যত দাগ,
মিশে যাক হৃদয়ের সমস্ত আকুলতা আলোর
ঢেউয়ের উচ্ছলতায়!
আলিঙ্গনের উষ্ণতা ঠোঁটের ডগা থেকে নেমে আসুক ঝর্ণার মতো,
তপ্ত নিঃশ্বাসে ঝড় উঠুক, উঠুক সাইক্লোন।
কবি লিখেছেন,
সেই চোখে খেলা করুক সকাল বিকাল একফালি রোদ,
শরতের আকাশ রঙিন মেঘ নিয়ে উড়ে যাক তার কাছে,
বসন্তের বাতাসে তার চাহনি নাচুক আবার!
জলভরা চোখ সাজুক জল নিয়েই,
সে দুঃখ ভুলুক।
কিছু কবিতা অন্যগুলো থেকে একটু আলাদা, এই যেমন,
এসো বিষপিঁপড়ের দল, হাঁটো সর্বত্র,
মেঠোপথ পাড়ি দিয়ে আমার উম্মুক্ত বুকের ভেতর।
এক হালট জমির নরম মৃত্তিকার উপর দলবদ্ধ চেতনায়,
যেখানে যেখানে ইচ্ছে হাঁটো, দেখো সুন্দরতম সুন্দর।
হাঁটো জীবনের গল্পে আদ্যোপান্ত!
৩
পাঁচ ফর্মায় সন্নিবেশিত সুখপাঠ্য কাব্যগ্রন্থের প্রচ্ছদ ডিজাইন করেছেন আইয়ুব আল আমিন। কাব্যগ্রন্থটা প্রকাশিত হয়েছে নোলক প্রকাশন থেকে। বাঁধাইয়ে অযত্নের ছাপ প্রকাশনের অবহেলায়। কাব্যগ্রন্থে মুদ্রিত মূল্য ২২০ টাকা। আমি কবির সাফল্য কামনা করছি।
হ্যাপি রিডিং
শুভ কামনা নিরন্তর।
সুমন সুবহান।
পোস্ট ভিউঃ 25