কবিতার অভ্যুত্থান চাই

লেখালোক পাঠ প্রতিক্রিয়া
কবিতার অভ্যুত্থান চাই

কাব্যগ্রন্থ: কবিতার অভ্যুত্থান চাই

কবি: রি হোসাইন

প্রকাশক: অন্যধারা পাবলিকেশন্স 

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৪ 

প্রচ্ছদ: নিয়ন্তা মাহজাবীন


উপহার পেতে কার না ভালো লাগে! আর সেটা যদি হয় স্বয়ং কবির কাছ থেকে পাওয়া তার কাব্যগ্রন্থ, তাহলে তো বিষয়টা আরও তৃপ্তিকর। কবি রি হোসাইন তার ‘কবিতার অভ্যুত্থান চাই’ পাঠিয়েছেন কুরিয়রে। সুন্দর ঝকঝকে মলাটবদ্ধ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ৫৬টি। কাব্যগ্রন্থের সাইজটা দারুণ, বেশ হ্যান্ডি। সেবা প্রকাশনীর পেপারব্যাক সিরিজের কথা মনে করিয়ে দিল। কবি অল্প বয়স থেকেই সাহিত্যচর্চা, মূলত কবিতা লেখা শুরু করেছেন। তার কবিতায় সমাজ, রাজনীতি, অসঙ্গতি ইত্যাদিসহ জীবনের নানা বিষয়ের প্রতিফলন দেখা যায়। এই যেমন,


তোমারতো জানাই আছে-

একদিন সাম্যবাদও পুরনো হয়ে যাবে

গোলাপের রঙ বদলাবে, হয়ে যাবে বেগুনী 

বৈষম্য বিক্রি হবে সমতার মোড়কে।


তার কবিতায় সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে, যেমনটা তিনি লিখেছেন,


এখনো যাদের খুন করা হয়নি 

তাদের চিৎকার মৃত্যুর মতো স্পন্দনহীন 

তারা ঘুমের ছদ্মবেশে জেগে আছে 

দুঃস্বপ্ন ছাড়া তাদের আশ্রয় দেয়নি কেউ।


কবি সমাজ সচেতন, তার লেখায় সেটার ছাপ,


এইসময় এমন একটা কবিতা প্রয়োজন,

যা আমাদের ঘুমাতে দিবেনা……

আমাদের নির্ঘুম লাল লাল চোখে 

স্বৈরাচারীর মৃত্যু পরোয়ানা লিখে যাবে,

তীব্র হাহাকার আর আর্তনাদে

সব নীরবতা তুচ্ছ করে আমাদের জাগিয়ে রাখবে।


দুর্বোধ্য শব্দ প্রয়োগের ব্যাপারটা সচেতনভাবে এড়িয়ে তিনি সহজ, সরল শব্দে শোষক ও শোষিতের মাঝে প্রবঞ্চনা, অবজ্ঞা, নির্যাতনের চিত্র অঙ্কন করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়,


এইবার দেখে নেবো অসীম সাহসে

উত্তাল সমুদ্র জাগে এই বনবাসে

এইবার হবে জীবনের জুয়া হতাশার দেশে!

মৃত্যুকে পুষে নিয়ে বুকের ভিতর

আমি ঠিক ধরে যাব জীবনের বাজি


কিংবা


আমার মৃত্যুটা একদিন বিপ্লব হবে

জোয়ার ও যৌবনে একাকার 

শোষকের পতন আনবে সে;

তুমি মুক্ত বাতাস পাবে……

তোমার উল্লাসে উল্লাসে 

যখন সেটা ইতিহাস হবে

আর আমার মৃত্যুর দাম শোধ হবে….


সুন্দর ঝকঝকে প্রিন্ট। চমৎকার বাঁধাই। কবিতার সাথে মানানসই দারুণ প্রচ্ছদ। তবে একটা কথা না বললেই নয়, নবম পৃষ্ঠা থেকে কবিতা ছাপলেও সূচীপত্র নেই। এটা দরকার ছিল। 

আমি কবি’র সাফল্য কামনা করছি।


হ্যাপি রিডিং 

শুভ কামনা নিরন্তর। 

সুমন সুবহান।



পোস্ট ভিউঃ 27

আপনার মন্তব্য লিখুন