বিকেলের ছায়াটা আরও দীর্ঘ হতে পারতো,
কমলা রোদের বিকেলে আরো কিছুটা সময়-
আরো কিছুটা সময় শরীরের ঘ্রাণ মেখে,
তোমার কোমল ঠোঁটে আরও কিছু স্পর্শ,
চিবুকের দ্রাঘিমা ছুঁয়ে-
আরো দীর্ঘ হতে পারতো আমাদের পথচলা।
কবর সমান নিস্তব্ধতা না এঁকে দিলেও পারতে,
অন্তত আরও কিছুটা অপেক্ষার প্রহর-
রাতের নীরবতা ভেঙে আরও কিছু কথা,
টুকরো টুকরো সংলাপ, অনিমেষ তাকিয়ে থাকা-
সম্পর্কের সালতামামিতে আরও কয়েকটা দিন,
আরও দীর্ঘ হতে পারতো আমাদের আলাপচারিতা।
ভাবনার শার্শিতে যতিচিহ্ন না টেনে দিলেও পারতে,
ভুল সমীকরণের ধারাপাতে-
আরো কিছুটা সময় হয়তো দিতে পারতে,
হয়তো চোরাবালিতে নিভে যেতো অভিমানটুকু,
ওভাবেই আর মাত্র সামান্যটুকু-
যখন লাজের চৌকাঠ ছুঁয়ে একদিন বলেছিলে, ‘ভালোবাসি।’
পোস্ট ভিউঃ 8