আমাদের গল্পগুলো এখনো আলাদা,
কথার টুকরোরা অযত্নে পড়ে থাকে
ঘাসফুল যেমন,
একটা রঙিন সুতোর অভাবে
ইচ্ছেগুলো বাষ্প হয়ে যায়, গাঁথা হয়না
চেনা পথটাও খুঁজে পায়না গন্তব্য,
পথের নুড়ি, বেওয়ারিশ রাজপথ অপেক্ষায় কাঁদে।
আমরা পারিনি অভিন্ন সুরে কথা বলতে,
দেখিনি চোখের গভীরের কান্না
স্পর্শ অভিমানে পাঁজর ছুঁয়ে যায় নোনাজল,
অনুভুতির শৃঙ্গার যেন জমাটবদ্ধ মহীরূহ
অভিযোগের ডালপালা বেড়ে ওঠে থরে বিথরে,
অথচ বুঝতে পারিনি আমাদের অভাবটা
জানিনি কে কতোটা ছুঁয়ে থাকি অপেক্ষার রাতে।
যদি নিঃসঙ্গ দুপুর ছুঁয়ে থাকে গভীর শূন্যতা,
যদি শাওয়ারের অবিরত ধারায় কিছু শ্রুতিভ্রম
শুনতে পাও কেউ ডাকছে অতীতের প্রান্ত থেকে,
বেসিনের ট্যাপ ছেড়ে কখনো হয়ে আনমনা
যদি ভাবছো কারও কথা,
ঘড়ির কাঁটা যদি হার মানে নিস্তব্ধতার কাছে
তবে জেনো মেয়ে তুমি কারো প্রেমে পড়েছো।
পোস্ট ভিউঃ 9