তোমাকে ছাড়া আমি বেশ আছি

কবিতা তোমার নামে নৌকা ভাসাই
তোমাকে ছাড়া আমি বেশ আছি

হিজলের চোখে আজো নিস্ফলা দুপুর-    

ভবঘুরে মাছ খোঁজে শ্যাওলার আঁচল     

পৃথিবীর ধূসরতা আজো যেন একইরকম  

জানালার চৌকাঠে জমে থাকে কমলা বিকেল,    

নিঃসঙ্গ চিল ওড়ে আকাশের ভাঁজে-         

ডানার প্রান্ত রাখেনি তার ওমের খবর, তুমিও যেমন   

কপোলের তিলে জেগে থাকে ঘুণপোকা প্রহর   

ঘড়ির ডায়ালে কারো মৃত্যুর ক্ষণ গুনে যাওয়া।


গ্রুভবিস্ত্রো'র কোণটাতে এখনও শূন্য চেয়ার-   

কফির পেয়ালাতে আজও ঝুলেথাকা দিন    

ঝলমলে পর্দা এখনও যেন চিবুকের মতোন    

তোমার হাসির মতোন সেখানে পর্দা ওড়ে, 

ঝালরের কোলাজে লোবানের ঘ্রাণ-   

হার্মিসের প্রজাপতি কিছু চোখের কার্নিশে  

আর একইরকম ক্ষয়ে যাওয়া সুখে     

নিকোটিন বুকে আমার একইরকম ঘরে ফেরা।


ঠোঁটের অমন ভাঁজে কী মাখো জানিনা-   

প্রতিবার  

প্রতিটা চুমুর পর নেশাচুর হৃদয়  

নেশা হয় ল্যাগবেগে চুলের ঘ্রাণে,    

চিবুকের টোলে সায়ানাইড রাখো-   

একটু একটু করে তলিয়ে যাই মৃত্যুনীলে  

তোমার চোখের মতো রূপোলী চামচ 

পড়ে আছে আজো বিষণ্ণ টেবিলের বুকে।


এমন উচাটন ঘোরলাগা দিনে-    

তোমাকে ঘিরে থাকে হায়েনার মুখ  

শিল্পকলা-বেতার কিংবা স্টুডিওর অবসরে  

তোমার আঁচলে জমে নাগরিক তাপ,   

আমার জীবনে নেই ছন্দপতন-  

সন্ধ্যার বিষণ্ণ তবিলে শুধে প্রজাপতির ঋণ   

একটু একটু করে তোমার বদলে যাওয়া দেখি,    

তোমাকে ছাড়া জেনো আমি বেশ আছি।



পোস্ট ভিউঃ 10

আপনার মন্তব্য লিখুন