মেঘ ফিরিয়ে দিওনা-
একদম এলোমেলো হয়ে যাবো,
তুমি পালমিরা দেখেছো-ফুজিয়ামা দেখেছো
দেখেছো ভস্তক নগরীর শীতলতা,
অথচ প্রেমিকের হৃদয় দেখোনি-
তুমি দেখোনি কতোটা পুড়লে
একটা হৃদয় হয়ে যায় খাঁটি সোনা!
তুমি জানোনা ভালোবাসা বড় বেহায়া-নিম্নগামী,
পোড়ে এবং কেবলই পোড়ায়।
ফিরিয়ে দিওনা মেঘ-
বড্ড অঘটন ঘটে যাবে, বিশ্বাস করো-
তরবারির আঘাতে বিশ্ব সংসার তছনছ করে দিবো,
তৈমুরের ঘোড়ার ক্ষুরের আঘাতে-
ধ্বংস হবে আরেকটা বাগদাদ-সৌধ-মিনার-গর্বিত গম্বুজ,
অজস্র পাপিয়া হৃদয়ের চৌকাঠ!
বুকের পাঁজর নিঃসৃত শীতল জলধারা-
পরিণত হবে যেন তপ্ত লাভা স্রোত,
জমিয়ে রাখা সমুদ্রের গভীরতা-
নোনাজল ভেদ করে মাথা উঁচু করবে উত্তপ্ত মালভূমি।
ফিরিয়ে দিওনা মেঘ-
যখন হাতের আঙুল-হাতে-কাঁধে লেগে আছো তুমি,
পুরোটা জুরে শুধু তুমি, স্পর্শ হয়ে আছো।
একটা ভীষণ খারাপ কিছু ঘটে যাবে-
বড্ড এলোমেলো হয়ে যাবো।
পোস্ট ভিউঃ 7