তোমার কাছে এলেই আমার ভিখেরীর সাজ-
যেন তোমার কাছেই পূর্ণতা ও প্রাপ্তি,
আমার যেন আর কাজ নেই-
সারাটা ক্ষণ শুধু তুমি, তুমি আর তুমি
চিন্তা-চেতনার সবটা দখল করে থাকো,
এ আমার কী করেছো প্রিয়!
শাড়ি হয়ে-জোছনা হয়ে জড়িয়ে থাকো।
এ এক অন্যরকম নেশা-
তোমার ভাবনা আমাকে বুঁদ করে রাখে!
কতবার ভেবেছি দূরে সরে যাবো,
কতবার ভেবেছি ভুলে যাবো অথচ-
নিখোঁজ ভাবনা আমাকে নতুন করে কাছে টানে
বেলাভূমিতে আছড়ে পড়া জলোচ্ছাসের মতো,
ফিরে আসার বাহানা নিয়ে-
প্রতিবার, আমি প্রতিবার নতুন করে প্রেমে পড়ি
নতুন করে নিঃস্ব হবার প্রতিজ্ঞায়।
একটা সময় আমি আর ল্যাম্পপোস্ট যেন অভিন্ন-
রাতের গভীরতা বুঝিয়ে দেয় আমাদের একাকীত্ব।
পোস্ট ভিউঃ 7