এই শহরটা ফরমালিনে ডুবে আছে,
কবি শূন্য কফির পেয়ালা সামনে বসে আছেন-
চুপচাপ, চিনির দুটো কিউব আর
একটা চামচ পড়ে আছে টেবিলের ওপর,
অথচ কোন মাছি নেই,
নিঃসঙ্গতা কাটাতে কখনও একটা মাছি কিংবা বেড়াল,
নিদেনপক্ষে একটা বদভ্যাসের বড় প্রয়োজন হয়,
অথচ কবি’র কোন বদভ্যাস ছিল না।
তার ছিল পাগলপনা, একটা অভ্যাস-
কবি মেয়েটিকে প্রতিদিন ভালোবাসতেন।
কফিশপ টাতে মৃদু গুঞ্জন আর
লঘু ভলিউমে রবীন্দ্রসঙ্গীত বাজছে-
সম্ভবত শাহানা বাজপেয়ী কিংবা অদিতি মহসিন,
ওয়েটার-গেস্ট সবাই চাপা স্বরে কথা বলছেন-
দূর থেকেও কারো কারো ফিসফাস শোনা যায়,
এছাড়া সব চুপচাপ।
মৃদু গুঞ্জনটা গাঢ় হতে হতে একসময়-
বাবু বাজারের কোলাহল ছাপিয়ে যায়-তবে ও কিছুনা,
এইমাত্র একজন কবির মৃত্যু ঘটেছে-
যিনি কফি খেতে ভালোবাসতেন,
ব্ল্যাক কফি'র সাথে ব্রাউন সুগার, সুগার আলাদা করে,
একদিন মেয়েটি শিখিয়েছিল।
কতদিন কফির পেয়ালা সামনে মুখোমুখি বসা হয়নি,
সাথে ঝকঝকে মলাটের কবিতার বই আর
জলজ্যান্ত কবিতা হয়ে সামনে বসে থাকা-
ঘন কালো তিল, বর্ষানামা চোখ
তার চিবুকে গভীর টোল,
মেয়েটি কবিতা ভালোবাসতো।
কবির মৃতদেহটা ওভাবেই......
ক্যাশ কাউন্টার থেকে কে যেন বললো, ভয় নেই-
এই শহর ফরমালিনে ডুবে আছে,
শোক-উত্তাপ-ভালোবাসা এখানে পাখি হয়ে গেছে
ডেডবডিও পেয়েছে অমরত্বের সন্ধান!
কবি এখন অমর, লিখে নিন।
কবি চেয়ারে হেলান দিয়ে পড়ে থাকেন,
সামনে শূন্য কফির পেয়ালা-
চিনির দুটো কিউব আর একটা চামচ,
তাতে ওষ্ঠের দাগ লেগে আছে-
যে ওষ্ঠ একদিন চুম্বন দিতে চেয়েছিল।
কবি হঠাৎ গড়িয়ে পড়ে যান,
তার ঠোঁটে লেগে থাকে কফির শুকনো দাগ
চিনির কয়েকটা দানা আর-
সামনে পড়ে থাকে,
ছড়ানো কয়েকটা চেয়ার, একটা কাঠের টেবিল।
কবি একদিন মেয়েটির সাথে কফি খেতে চেয়েছিলেন,
ব্ল্যাক কফি উইথ ব্রাউন সুগার, সুগার আলাদা করে।
পোস্ট ভিউঃ 9