তোমাকে খুঁজে পেতে কিনা করেছি!
কিশোর রোদের দুপুর-জোনাকির রাত
ঘন বর্ষার দিন-কাল বোশেখের বিকেল
স্মৃতির শিলা লেখ, ফেলে আসা পদচিহ্ন-
কোথায় না খুঁজেছি!
সবুজ ঘাসের বুক-সফেদ নীহারিকা
মেঘের ভাঁজে ভাঁজে, গ্রহান্তরে ছুটে ফিরেছি,
তোমাকে খুঁজে পেতে আমি কিনা করেছি!
নির্জন দুপুর-রাতের নিস্তব্ধতায়
অজস্র কবিতা লিখেছি!
আন্তর্জালে অন্তর্জ্বালা শুকোতে দিয়েছি-
শুধুমাত্র তোমার চোখে পড়বে বলে,
আমি কিই না করেছি!
লোকের কোলাহলে হারানো প্রিয়মুখ
জোছনাভেজা হাসি খুঁজে পেতে
কোথায় না গিয়েছি!
রমণীর ঘ্রাণ ফিরে পাওয়ার অদম্য বাসনায়-
ফিনিক্স পাখির মতো প্রতিটা জন্মে
কেউ কেউ কিনা করে!
তোমাকে ফিরে পাওয়ার জন্য ইতি-
সোঁদা মাটি-খড়-বিচালির বুনো ঘ্রাণ মেখে
তমসাঘন বিচ্ছিন্নতায় বিবাগী ফড়িংয়ের সাথে
আমিও এক সহস্র অপেক্ষার রাত কাটিয়েছি।
সাধনার ত্রিবেণী সঙ্গমে মুক্তি মেলেনি
একাকীত্বের যন্ত্রণাও আজ ভোগায় না
অভিমানের আট কুঠুরিতে শেকল এঁটে
নিজের সাথেই কথা বলতে শিখেছি।
রাগ ইমন কিংবা মালকোষ নয়-
ক্যালেন্ডারের পাতা-দেয়াল ঘড়ির কাঁটা
কিংবা রাতজাগা তক্ষকের চোখ নয়-
আমার একাকীত্বের সঙ্গী আসলে বাউল বাতাস!
উকিল মুন্সীর পদচিহ্ন ধরে-
সহস্র চোখের মাঝে একলা হতে শিখেছি।
শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য-
চিবুকের চাহনি-ব্যক্তিগত ভাষা-রকের আড্ডা
চলার ভঙ্গি বদলেছি, ভুল যা ছিলো শুধরেছি।
তোমাকে খুঁজে পাওয়ার জন্য কিনা করেছি!
আমার ঈশ্বর জানেন, আমি কিই না করেছি।
পোস্ট ভিউঃ 7