নীরবতার আরেক নাম অবহেলা

কবিতা বন্ধনহীন গ্রন্থি
নীরবতার আরেক নাম অবহেলা

কতবার তোমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছি 

আমার ঈশ্বর জানেন কতবার!    

ঈশ্বর জানেন কতবার আমি-   

ফোনের লিস্টি থেকে প্রিয় নামটা মুছে ফেলতে চেয়েছি,  

এগারো ডিজিটের ফোন নাম্বারটা মুছতে চেয়েছি কতবার!

হৃদয়ের এই যে এতো টানাপোড়েন-  

এ আমার সহ্য হয়না, 

মেনে নিতে পারিনা এতো উপেক্ষা!      

নীরবতার বাতাবরণে অবহেলার চাদর আর 

অবিমৃষ্য হিমশীতল স্তব্ধতা!    

ভস্টক নগরীর শীতলতা কি এরচেয়েও বেশি!   

আমি জানি না। 

ঘরের দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারের পাতা 

কিংবা রাতজাগা ঘড়ির কাঁটা জানে,  

জানে আমার দিকে চেয়ে থাকা সরীসৃপের চোখ- 

কতবার মৃত্যুর দিকে এগোতে গিয়েও আমি থেমে গেছি।

সেন্ট হেলেনায় নেপোলিয়নের নির্বাসন কিংবা     

সেলকার্কের একাকীত্বের যন্ত্রণা কি এরচেয়েও বেশি!

আমি সত্যিই জানি না প্রভু! শুধু জানি-  

আলকাত্রাজের দুর্লঙ্ঘ দেয়ালের মতো       

অখণ্ড নীরবতা আমাকে চারপাশ থেকে চেপে ধরে। 

আমি ক্রমশঃ তলিয়ে যাই অবজ্ঞার অমৃত গরলে আর  

ক্লস্ট্রোফোবিয়া আক্রান্তের মতো হাঁসফাঁস করতে থাকি।

নীরবতার মোড়কে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দেয়া- 

এ এক অসহ্য অনুভূতি! 

এভাবে বাঁচতে চাইনা ঈশ্বর, আমাকে মুক্তি দাও!



পোস্ট ভিউঃ 8

আপনার মন্তব্য লিখুন