ঠোঁটে লেগে থাকা স্মৃতি

কবিতা বন্ধনহীন গ্রন্থি
ঠোঁটে লেগে থাকা স্মৃতি

কোন এক বৃহস্পতিবার আমাদের দেখা হয়েছিলো, 

তারপর তোমাকে দেখিনি- 

তারপর আমাদের আর দেখা হয়নি।  

রাস পূর্ণিমায় জোসনার ধবল ছোঁয়া-যাযাবর মেঘ 

মুগ্ধ বোগেনভিলিয়া, কফির পেয়ালার নরম ঊষ্ণতা আর- 

ঠোঁটে লেগে থাকা স্মৃতিরা অপেক্ষায় থাকে।


একেকটা দিন আমাদের দেখা হয়না।


কত দিন-মাস-বছর হলো তোমাকে দেখিনা, 

কপোলের তিল, টোলের দ্যুতি, কোমল স্নিগ্ধতা দেখিনা- 

একেকটা দিন তুমি ছাড়া ভীষণ নিঃসঙ্গ। 

বুকের অন্তহীন নির্জনতায় ঘন নীল আকাশ আর 

নিঃসীম শূন্যতার মাঝে চিলের ডানার প্রান্তের-

রূপোলী ঝলক খেলা করে।


একেকটা দিন তোমাকে দেখতে ইচ্ছে করে।


একেকটা দিন তুমি ছাড়া মানে পাখি বিহীন সকাল, 

বুকপকেটে ঘুণপোকার সাথে আড়ি পেতে- 

কবরের জমাট মিশকালো নিস্তব্ধতায় বুঁদ হয়ে থাকা। 

একেকটা দিন অপেক্ষার পালা গুনে এই শহরে

ঘড়ির কাঁটায় জীবনের কীরকম থেমে যাওয়া- 

নাগরিক ব্যস্ততা আমাদের দূরে ঠেলে রাখে। 

একেকটা দিন তোমাকে খুব ছুঁতে ইচ্ছে করে।



পোস্ট ভিউঃ 7

আপনার মন্তব্য লিখুন