
১
সোশ্যাল মিডিয়া’র বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন-ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটক ইত্যাদি আজকের তরুণ প্রজন্মের কালচারাল নেভিগেটর হিসেবে কাজ করছে। এসব প্ল্যাটফর্ম শুধুমাত্র যোগাযোগের মাধ্যম না হয়ে ব্যবহারকারীদের মূল্যবোধ, ব্যক্তিগত পরিচিতি, সামাজিক সম্পর্ক এবং বিশ্বকে দেখার ভঙ্গি গভীরভাবে প্রভাবিত করছে। এই ডিজিটাল মাধ্যম এমন একটি গতিশীল পরিবেশ তৈরি করেছে যেখানে রিয়াল লাইফ এবং ভার্চুয়াল লাইফ কার্যত একে অপরের সাথে মিশে গেছে, ফলে তরুণদের দৈনন্দিন সংস্কৃতি ও আচরণে ব্যাপক পরিবর্তন এসেছে। এই বিপুল সাংস্কৃতিক প্রভাবকে বোঝার জন্য তিনটি মূল প্রতীকী স্তম্ভকে বিশ্লেষণ করা জরুরি, সেগুলো হলো ফিল্টার (যা আত্ম-উপস্থাপনা ও পারফেক্ট জীবনের একটি অবাস্তব ধারণা তৈরি করে), ফোমো (FOMO বা Fear of Missing Out যা অবিরাম সংযোগের মানসিক চাপ ও তুলনা সৃষ্টি করে মানসিক স্বাস্থ্যে জটিলতা বাড়াচ্ছে) এবং ফিউশন (যা ভৌগোলিক সীমা পেরিয়ে দ্রুত গতিতে বিভিন্ন স্থানীয় ও বৈশ্বিক সংস্কৃতির সংমিশ্রণ ঘটিয়ে হাইব্রিড কালচার সৃষ্টি করছে)। এই তিনটি উপাদানের মাধ্যমেই সোশ্যাল মিডিয়া আজকের যুব সমাজের ওপর গভীর ও বহুমাত্রিক সাংস্কৃতিক প্রভাব বিস্তার করে চলেছে।
২
ফিল্টার ও নিখুঁত জীবনের প্রতিচ্ছবি।
সোশ্যাল মিডিয়ার 'ফিল্টার'কে স্রেফ ছবিতে থাকা ত্রুটি ঢাকার একটি সরঞ্জাম হিসেবে দেখলে ভুল হবে। এর ভূমিকা অনেক গভীর ও ব্যাপক। এটি আমাদের অনলাইন আইডেন্টিটি নির্মাণে অপরিহার্য ভূমিকা রাখে। 'ফিল্টার' এবং এডিটিং টুলস ব্যবহার করে ব্যবহারকারীরা বাস্তবতার চেয়েও আকর্ষণীয় ও ত্রুটিমুক্ত একটি ইমেজ তৈরি করে, যা তাদের সামাজিক স্বীকৃতির ভিত্তি হিসেবে কাজ করে। এই প্রক্রিয়া তরুণ প্রজন্মের মধ্যে একটি অবাস্তব নিখুঁত জীবনের প্রতিচ্ছবি তৈরি করে, যা তাদের আত্ম-উপস্থাপনা ও আদর্শবাদের ধারণাকে প্রভাবিত করে। নিচে সবিস্তারে বর্ননা করা হলো,
ক। অনলাইন পরিচিতির নির্মাণ: আত্ম-উপস্থাপনা ও এর নেতিবাচক প্রভাব।
সোশ্যাল মিডিয়ার মূল চালিকা শক্তি হলো আত্ম-উপস্থাপনা। এই প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীদের উৎসাহিত করে তারা যেন তাদের জীবনের শুধুমাত্র 'শ্রেষ্ঠ অংশ' বা 'হাইলাইট রিল' প্রকাশ করে। এরফলে ব্যবহারকারীরা নিজেদের একটি নিখুঁত, কিন্তু প্রায়শই অবাস্তব অনলাইন সংস্করণ তৈরি করে। তারা ভার্চুয়াল জগতে তাদের ত্রুটিগুলি গোপন করে কেবলমাত্র আকর্ষণীয় দিকগুলিকেই তুলে ধরে। এই ধরনের কৃত্রিম পরিচিতি তৈরির নেতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। তরুণরা নিজেদের মধ্যে এই তথাকথিত 'পারফেক্ট ইমেজ' বজায় রাখার জন্য প্রতিনিয়ত তীব্র চাপ অনুভব করে। এই চাপের কারণে তাদের মধ্যে এক ধরনের দ্বৈততা এবং মানসিক অস্থিরতা সৃষ্টি হয়, যা তাদের বাস্তব জীবনের আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে।
খ। পারফেক্ট জীবনের ফাঁদ: এডিটিং ও ভিজ্যুয়াল কালচার।
ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো বর্তমানে ভিজ্যুয়াল কালচারকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। এই প্ল্যাটফর্মগুলির সাফল্যের মূলে রয়েছে দৃষ্টি আকর্ষণকারী ও ত্রুটিমুক্ত চিত্র উপস্থাপন। অত্যাধুনিক এডিটিং টুলস এবং নানারকম ফিল্টার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন জীবনকে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ও ত্রুটিমুক্ত করে তুলে ধরে। তারা কেবল তাদের জীবনের সবচেয়ে আকর্ষণীয় এবং ছবি উপযোগী মুহূর্তগুলিই প্রকাশ করে। এই ধরনের কৃত্রিম উপস্থাপনা আজকের সমাজে 'পারফেক্ট জীবনের ফাঁদ' তৈরি করছে। এই ফাঁদের শিকার হয়ে অন্যরা নিজেদের জীবনের সাথে এই নিখুঁত অনলাইন জীবনের তুলনা করে। এরফলে তাদের মধ্যে এই ধারণা জন্মায় যে তাদের নিজেদের জীবন যথেষ্ট ভালো নয় বা তারা কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে, যা একসময় হীনমন্যতা ও অসন্তোষের জন্ম দেয়।
গ। অনলাইন বনাম অফলাইন: পরিচয়ের সংকট।
যখন কোনো ব্যক্তির অনলাইন পরিচিতি বা তার ভার্চুয়াল ইমেজ তার অফলাইন বাস্তবতার সাথে কোনোভাবেই মেলে না, তখন একটি গভীর আইডেন্টিটি ক্রাইসিস দেখা দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় যে 'নিখুঁত আমি'কে উপস্থাপন করা হয়, বাস্তব জীবনে সেই চিত্র ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনলাইন উপস্থাপনা এবং কঠিন বাস্তবতার মধ্যে এই বিশাল ব্যবধানের কারণে তরুণ প্রজন্ম মানসিকভাবে ব্যাপক ভোগান্তির শিকার হয়। এর ফলস্বরূপ তারা এক ধরনের বিচ্ছিন্নতা এবং তীব্র অসন্তোষ অনুভব করতে শুরু করে। তারা তাদের প্রকৃত মূল্য ও আত্মমর্যাদা নিয়ে সন্দেহ পোষণ করে, যা দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও শূন্যতার জন্ম দেয়। এই সংকট তাদের আত্ম-অনুসন্ধানে বাধা দেয় এবং আত্মবিশ্বাসে চিড় ধরায়।
৩
ফোমো ও মানসিক স্বাস্থ্যে জটিলতা।
'ফোমো' বা Fear of Missing Out হলো সামাজিক কার্যকলাপ, ইভেন্ট বা অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্ন বা বাদ পড়ে যাওয়ার একটি তীব্র উদ্বেগ। সোশ্যাল মিডিয়া এই উদ্বেগের প্রধান কারণ, কারণ এই প্ল্যাটফর্মগুলি অবিরাম অন্যের জীবনের আপডেট সরবরাহ করে। এরফলে ব্যবহারকারীদের মধ্যে ক্রমাগত এই অনুভূতি জন্মায় যে অন্যরা তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আনন্দদায়ক বা সফল কিছু করছে। এই মানসিক চাপ তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যে জটিলতা সৃষ্টি করে এবং তাদের মধ্যে অস্থিরতা বাড়িয়ে তোলে। যেমন-
ক। যা হারানো হলো: অবিরাম সংযোগের মানসিক চাপ।
সোশ্যাল মিডিয়ার অবিরাম স্ক্রোলিং তরুণদের মধ্যে একটি তীব্র উদ্বেগ সৃষ্টি করে। অন্যসবাই তাদের চেয়ে বেশি মজার, আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা লাভ করছে এটা সেরকম একটা অনুভূতি। এটিই হলো ফোমোর মূল চালিকা শক্তি। এই প্ল্যাটফর্মগুলি ব্যবহারকারীকে অবিরাম সংযোগের মানসিক চাপের মধ্যে রাখে। এরফলে তারা সবসময়ই সংযুক্ত থাকার প্রয়োজন অনুভব করে এবং তাদের মস্তিষ্ক কখনো সম্পূর্ণ বিশ্রাম পায় না। এই চক্র এতটাই শক্তিশালী যে প্ল্যাটফর্ম থেকে সামান্য বিরতি নেয়া বা সংযোগ বিচ্ছিন্ন করাও তাদের মধ্যে এক ধরনের তীব্র উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করে। তরুণরা আশঙ্কা করে যে এই সময়ে তারা হয়তো গুরুত্বপূর্ণ কোনো সামাজিক ঘটনা বা খবর মিস করে ফেলবে।
খ। অনবরত আপডেট ও মানসিক চাপ।
সোশ্যাল মিডিয়ার ফিডে বন্ধুদের সাফল্য, বিলাসবহুল ভ্রমণের ছবি বা নতুন ট্রেন্ডের ক্রমাগত আপডেট ব্যবহারকারীদের মধ্যে তীব্র মানসিক চাপ সৃষ্টি করে। এই অনবরত এবং অতিরঞ্জিত সাফল্যের প্রদর্শনী তরুণদের মধ্যে নিজেদের জীবনের অপ্রতুলতা নিয়ে তুলনা ও হীনমন্যতার অনুভূতি জাগিয়ে তোলে। তারা অনেকসময় মনেকরে, অন্যরা যখন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করছে, তারা তখন পিছিয়ে পড়ছে। এই নেতিবাচক তুলনা সরাসরি মানসিক চাপ এবং দীর্ঘমেয়াদী বিষণ্নতার জন্ম দিতে পারে। সারাক্ষণ আপডেট চেক করার প্রবণতা এবং সংযোগ হারানোর ভয় তাদের ঘুমের স্বাভাবিক চক্রে ব্যাঘাত ঘটায়, যা শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বাড়িয়ে তোলে।
গ। ভোগবাদী মানসিকতার জন্ম ও স্ট্যাটাস সিম্বল।
'ফোমো' তরুণ প্রজন্মের মধ্যে ভোগবাদী মানসিকতার জন্ম দিতে সাহায্য করে। যখন তারা সোশ্যাল মিডিয়াতে দেখে যে অন্যরা বিলাসবহুল জিনিসপত্র বা ব্যয়বহুল অভিজ্ঞতা উপভোগ করছে এবং তা প্রদর্শন করছে, তখন তাদের মধ্যেও সেই জিনিসগুলি অর্জন করার বা সেই 'স্ট্যাটাস সিম্বল' পাওয়ার তীব্র তাড়না জন্মায়। এই তাড়না থেকে তারা অপ্রয়োজনীয় কেনাকাটা বা ব্যয় করে বসে। এই ধরনের চাপ তাদের ওপর গুরুতর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মাঝে ব্যবধান অনেকসময় দীর্ঘমেয়াদি অসন্তোষ এবং মানসিক শূন্যতার কারণ হতে পারে।
৪
'ফিউশন' ও বিশ্বায়িত সংস্কৃতির সংমিশ্রণ।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের সংস্কৃতির মাঝে দ্রুত ও ব্যাপক মিশ্রণ ঘটাচ্ছে। এই প্রক্রিয়াটিই হলো 'ফিউশন' বা সাংস্কৃতিক সংমিশ্রণ। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতিগুলি দ্রুত বিশ্বায়িত আদর্শ, প্রবণতা এবং শৈলীর সংস্পর্শে আসে। এরফলে তরুণ প্রজন্মের মধ্যে একটি হাইব্রিড কালচার তৈরি হচ্ছে, যেখানে স্থানীয় ঐতিহ্য এবং আন্তর্জাতিক প্রভাবের এক অনন্য মেলবন্ধন ঘটছে।
ক। সাংস্কৃতিক সংকর রূপ: স্থানীয় ও বৈশ্বিক আদর্শের মিলন।
সোশ্যাল মিডিয়ার দ্রুত প্রসারের মাধ্যমে স্থানীয় সংস্কৃতিগুলি খুব সহজেই বৈশ্বিক ফ্যাশন, সংগীত, রান্না এবং জীবনযাত্রার আদর্শের সংস্পর্শে এসে হাইব্রিড কালচার তৈরি হয়। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্ম তাদের নিজস্ব ঐতিহ্যকে বজায় রেখে আন্তর্জাতিক প্রভাবকে গ্রহণ করে এক নতুন মিশ্র সংস্কৃতি তৈরি করে। এরফলে স্থানীয় এবং বৈশ্বিক আদর্শের এক অনন্য মিলন ঘটে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাংলার কোনো লোকনৃত্য আন্তর্জাতিক মিউজিক বিটসের সাথে ফিউশন ঘটিয়ে একটি নতুন এবং জনপ্রিয় শৈলী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
খ। আন্তর্জাতিক প্রবণতার দ্রুত গ্রহণ বা ট্রেন্ড অ্যাডপশন।
টিকটক-এর মতো ভিজ্যুয়াল প্ল্যাটফর্মগুলি বর্তমানে আন্তর্জাতিক প্রবণতা বা ট্রেন্ডসকে অবিশ্বাস্য দ্রুত গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ভৌগোলিক দূরত্ব এখানে কোনো বাধা নয়। তরুণ প্রজন্ম নতুন নতুন আন্তর্জাতিক ট্রেন্ডস-এর দ্রুত গ্রহণকারী হয়ে ওঠে। এই গ্রহণ করা ট্রেন্ডসগুলি কেবল অনলাইন কার্যকলাপের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তা তাদের দৈনন্দিন আচরণ, ফ্যাশন, পোশাক-পরিচ্ছদ এবং বিনোদনের পছন্দের মাধ্যমেও স্পষ্টভাবে প্রকাশিত হয়। এরফলে বিভিন্ন দেশের তরুণদের জীবনধারা এবং সাংস্কৃতিক অভ্যাসগুলি একে অপরের সাথে দ্রুত একীভূত হতে শুরু করে।
গ। ভাষা ও যোগাযোগ শৈলীর বিবর্তন।
সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহারের কারণে বর্তমানে ভাষা এবং যোগাযোগ শৈলীতে এক ধরনের বিপ্লব এসেছে। দ্রুত কথোপকথনের প্রয়োজনে আন্তর্জাতিক অ্যাক্রোনিমগুলির ব্যবহার এখন অত্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ ইংরেজিতে 'Laughing Out Loud' এর জন্য LOL, 'As Soon As Possible' এর জন্য ASAP, ‘Oh My God’ এর জন্য OMG এর ব্যবহার বহুল প্রচলিত। এর পাশাপাশি বিভিন্ন ইমোজি এবং মেমগুলি ভাষাকে ছাপিয়ে আবেগ প্রকাশের একটি নতুন মাধ্যম হয়ে উঠেছে। এই ভাষা ও যোগাযোগ শৈলীর বিবর্তন প্রচলিত ভাষাগত কাঠামোকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি মূল ভাষার ব্যাকরণ এবং শব্দভান্ডার থেকে দূরে সরে গিয়ে নতুন ধরনের 'ডিজিটাল স্ল্যাং' যেমন- Cringe, Yeet, Vibe, Slay ইত্যাদি শব্দগুলো তৈরি হয়ে তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই পরিবর্তনের ফলে প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবধান সৃষ্টি হচ্ছে।
৫
সামাজিক সচেতনতা ও অ্যাক্টিভিজম।
সোশ্যাল মিডিয়া বর্তমানে কেবল আত্ম-উপস্থাপনা বা বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে সীমাবদ্ধ নেই। এটি একই সাথে সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক সক্রিয়তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্ল্যাটফর্ম। এই মাধ্যম বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে তুলে ধরতে পারে এবং দ্রুত জনমত গঠনে সহায়তা করে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে দ্রুত সচেতনতা লাভ করে এবং সক্রিয়ভাবে ডিজিটাল অ্যাক্টিভিজমে অংশগ্রহণ করে।
ক। হ্যাশট্যাগ অ্যাক্টিভিজম: সামাজিক পরিবর্তনের একটি নতুন হাতিয়ার।
হ্যাশট্যাগগুলি বর্তমান যুগে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের জন্য এক নতুন এবং শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। এই ক্ষুদ্র প্রতীকগুলি দ্রুত একটি নির্দিষ্ট বার্তা বা কারণকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম। উদাহরণস্বরূপ #BlackLivesMatter বা #MeToo-এর মতো ঐতিহাসিক আন্দোলনগুলি সোশ্যাল মিডিয়ার হ্যাশট্যাগের মাধ্যমেই বিশ্বজুড়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং লাখ লাখ মানুষকে যুক্ত করেছে। এই হ্যাশট্যাগ অ্যাক্টিভিজম শুধু মানুষকে একত্রিতই করে না বরং এটি দ্রুত জনমত গঠন করতে এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করতেও সাহায্য করে। এর মাধ্যমে তরুণরা সহজেই তাদের কণ্ঠস্বর ব্যবহার করে সামাজিক পরিবর্তন আনার প্রক্রিয়ায় অংশ নিতে পারে, যা গণতান্ত্রিক সক্রিয়তার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
খ। দ্রুত তথ্যপ্রবাহ ও মতামতের গঠন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আজ তথ্যের দ্রুত প্রবাহ নিশ্চিত করে, যা তরুণ প্রজন্মের মধ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে মতামতের গঠনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তের খবর তাদের কাছে পৌঁছে যায়। এই দ্রুত প্রবেশাধিকার তরুণদের আরও বেশি সচেতন ও সক্রিয় হতে সাহায্য করে। তবে এই ব্যবস্থার একটি গুরুতর নেতিবাচক দিক রয়েছে। এই মাধ্যমগুলো একই গতিতে ফেক নিউজ এবং মিসইনফর্মেশনের দ্রুত বিস্তার ঘটায়। মিসইনফর্মেশন, ডিসইনফর্মেশন, প্রোপাগান্ডার অবাধ প্রবাহ সামাজিক সচেতনতা ও সঠিক মতামতের গঠনের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে।
গ। ডিজিটাল সলিডারিটি ও এর সীমাবদ্ধতা।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ও সহজে যে ডিজিটাল সলিডারিটি তৈরি হয়, তা নিঃসন্দেহে কার্যকর। এটি বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক কারণে বিশ্বজুড়ে দ্রুত মানুষকে এক ছাতার নিচে আনতে পারে। তবে এর কিছু গুরুতর সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে প্রধান হলো ' স্ল্যাকটিভিসম' বা 'আর্মচেয়ার এক্টিভিজম’-এর জন্ম। এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ মনেকরে যে একটি অনলাইন পোস্ট শেয়ার করে, লাইক দিয়ে বা হ্যাশট্যাগ ব্যবহার করেই তাদের সামাজিক দায়িত্ব বা কর্তব্য পালন করে ফেলেছে। এই ধরনের অনলাইন কার্যকলাপ প্রায়শই বাস্তব জীবনে সক্রিয়ভাবে অংশ নেয়া, মাঠে নেমে কাজ করা, বা অর্থপূর্ণ ত্যাগ স্বীকার করার প্রয়োজনীয়তা থেকে ব্যক্তিকে দূরে সরিয়ে দেয়। এরফলে ডিজিটাল সংহতি বাস্তবে বড় ধরনের বা দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে ব্যর্থ হতে পারে।
৬
সোশ্যাল মিডিয়া নিঃসন্দেহে তরুণ প্রজন্মের সংস্কৃতিকে এক গতিশীল ও প্রতিনিয়ত পরিবর্তনশীল পথে পরিচালিত করছে, যেখানে 'ফিল্টার' একটি প্রায়শই অবাস্তব ভার্চুয়াল পরিচিতির জন্ম দিচ্ছে, 'ফোমো' মানসিক স্বাস্থ্যে উদ্বেগ ও তুলনা-জনিত জটিলতা আনছে এবং 'ফিউশন' বিশ্বকে আরও বেশি সংযুক্ত করে হাইব্রিড কালচার তৈরি করছে। এটি একটি অনিবার্য বাস্তবতা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিই আগামী দিনের সংস্কৃতির মৌলিক কাঠামো নির্ধারণ করবে। এই পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে অবশ্যই ডিজিটাল সংস্কৃতির দ্বৈত প্রকৃতি সম্পর্কে গভীর ও সমালোচনামূলকভাবে সচেতন হতে হবে। তাদের বুঝতে হবে যে 'ফিল্টার' কখন নিছকই একটি মায়া বা ভান, 'ফোমো' কখন অপ্রয়োজনীয় মানসিক চাপের উৎস এবং কখন 'ফিউশন' প্রকৃত অর্থে সাংস্কৃতিক সমৃদ্ধি ও বিশ্বজনীনতার প্রতীক। এই সচেতনতাই তাদের ভার্চুয়াল জগতের প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করবে এবং তাদের নিজস্ব মূল্যবোধ ও বাস্তবতাকে দৃঢ় রাখবে।
সুস্থ জীবনযাপনের জন্য তরুণদের সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার শেখা অত্যাবশ্যক। তরুণদের উচিত প্ল্যাটফর্মের ইতিবাচক দিকগুলি, যেমন—বৈশ্বিক সংযোগ তৈরি, অ্যাক্টিভিজম বা সামাজিক সচেতনতা সৃষ্টি, দ্রুত তথ্য আদান-প্রদানকে গ্রহণ করা। একইসাথে নেতিবাচক দিকগুলি, যেমন—অনবরত তুলনা, ফেক নিউজের বিস্তার, অনলাইন হয়রানি ইত্যাদি এড়িয়ে চলতে শেখা জরুরি। সোশ্যাল মিডিয়াকে কেবল বিনোদন বা আত্ম-উপস্থাপনার মাধ্যম হিসেবে না দেখে একে একটি শক্তিশালী সামাজিক ও শিক্ষামূলক হাতিয়ার হিসেবে ব্যবহার করার দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল লিটারেসি এবং দায়িত্বশীলতার শিক্ষাই আগামী প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দক্ষতা। এই ভারসাম্যপূর্ণ ও সচেতন দৃষ্টিভঙ্গিই নিশ্চিত করবে যে তরুণরা যেন প্রযুক্তি দ্বারা চালিত না হয়ে, বরং প্রযুক্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে এবং একটি সুস্থ, সমৃদ্ধ ও বিশ্বায়িত সাংস্কৃতিক জীবন গড়ে তোলে।
-----------------------------
©সুমন সুবহান
মিরপুর ডিওএইচএস, ঢাকা
৩ ডিসেম্বর ২০২৫