
১
৭ আগস্ট ২০২৬ তারিখে পবিত্র মক্কা নগরীতে স্বাক্ষরিত "মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট" মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের ভূরাজনীতিতে একটি যুগান্তকারী ও সুদূরপ্রসারী ঘটনা। এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা এই ত্রিপক্ষীয় সামরিক মৈত্রীটিকে "মুসলিম ন্যাটো" বা "ইসলামিক ন্যাটো" হিসেবে অভিহিত করছেন, যা এর কৌশলগত গুরুত্ব ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের কথাই মনে করিয়ে দেয়।
এই চুক্তি কেবল গতানুগতিক কোনো প্রতিরক্ষা সংলাপ বা সাধারণ সামরিক সমঝোতা স্মারক নয়; বরং এটি তিনটি প্রভাবশালী আঞ্চলিক শক্তির সমন্বিত সামরিক কাঠামোর এক আনুষ্ঠানিক রূপ। দীর্ঘদিনের পারস্পরিক কূটনৈতিক বোঝাপড়া এবং গত বছর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিগুলোর প্রাতিষ্ঠানিক বিবর্তনের মধ্য দিয়ে এই অক্ষটি গড়ে উঠেছে।
২
চুক্তির মূল স্তম্ভ: সম্মিলিত প্রতিরক্ষা ও সহযোগিতার রূপরেখা।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শর্তটি হলো সম্মিলিত প্রতিরক্ষার নীতি, যাকে সহজ কথায় "একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ" হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। এটি মূলত ন্যাটো’র বিখ্যাত আর্টকেল-৫ এর আদলে তৈরি। এই শর্ত অনুযায়ী, চুক্তিভুক্ত তিন দেশের যেকোনো একটির ওপর যদি কোনো সশস্ত্র আক্রমণ পরিচালিত হয়, তবে তাকে তিন দেশের ওপরই যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সকলে মিলে তার জবাব দেবে। চুক্তির রূপরেখা অনুযায়ী এতে অন্তর্ভুক্ত রয়েছে:
# গোয়েন্দা তথ্য আদান-প্রদান: আঞ্চলিক নিরাপত্তা হুমকি, গোপন তৎপরতা এবং সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য শেয়ারিং মেকানিজম।
# সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া: তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়াতে নিয়মিত বড় পরিসরে যৌথ সামরিক মহড়া পরিচালনা।
# প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা: যৌথ অস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং সামরিক গবেষণায় একে অপরকে সহায়তা করা।
এই বহুমাত্রিক সহযোগিতা নিশ্চিত করে যে, তিনটি দেশ কেবল সংকটের মুহূর্তে যৌথ সিদ্ধান্ত গ্রহণের জন্যই এক হয়নি, বরং দীর্ঘমেয়াদে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনেও একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে।
৩
সামরিক সক্ষমতার ত্রিমুখী সংমিশ্রণ: কার ঝুলিতে কী আছে?
চুক্তির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সদস্য দেশগুলোর শক্তির বৈচিত্র্য। প্রতিটি দেশ এই জোটে এমন এক অনন্য সামরিক ও অর্থনৈতিক সম্পদ নিয়ে এসেছে, যা সমগ্র জোটকে একটি পূর্ণাঙ্গ ও অজেয় ব্লকে রূপান্তর করেছে।
ক। সৌদি আরব — অর্থনৈতিক মেরুদণ্ড ও কৌশলগত অবস্থান।
উপসাগরীয় অঞ্চলের ভূ-কৌশলগত কেন্দ্রবিন্দুতে অবস্থিত সৌদি আরব এই চুক্তির প্রধান আর্থিক ও অর্থনৈতিক উৎস। দেশটির বিশাল পেট্রোলিয়াম সম্পদ এবং আন্তর্জাতিক বাজারে এর আর্থিক বিনিয়োগ ক্ষমতা এই জোটের পরিকাঠামো উন্নয়নে এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব রক্ষায় মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে। আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় থেকে শুরু করে বিশাল প্রতিরক্ষা বাজেটের যোগান দিতে সৌদি আরবের অর্থনৈতিক ভূমিকা অনস্বীকার্য।
খ। তুরস্ক — ন্যাটো-প্রযুক্তির উৎকর্ষ ও ড্রোন শিল্প।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী দেশ হিসেবে তুরস্ক এই জোটে আনছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, কৌশলগত অভিজ্ঞতা এবং বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা শিল্প। বিশেষ করে তুরস্কের তৈরি বায়রাকতার ড্রোন এবং অন্যান্য মানবহীন আকাশযান আধুনিক যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দিয়েছে। তুর্কি প্রতিরক্ষা খাতের এই উদ্ভাবনী শক্তি জোটের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব নিশ্চিত করবে।
গ। পাকিস্তান — পরমাণু শক্তি ও অভিজ্ঞ জনবল।
এই ত্রিমুখী অক্ষের সবচেয়ে বড় কৌশলগত ভারসাম্য এনে দিয়েছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার এই জোটকে ডেটারেন্স তৈরির ক্ষমতা দিয়েছে। এছাড়া দেশটির রয়েছে বিশ্বের অন্যতম অভিজ্ঞ, দক্ষ এবং বিশাল জনবলসমৃদ্ধ নিয়মিত সামরিক বাহিনী, যাদের দীর্ঘদিনের কাউন্টার-ইনসার্জেন্সি এবং যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
৪
ভূরাজনৈতিক পটভূমি: পরিবর্তনের তাগিদ ও নতুন সমীকরণ।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য এবং তৎসংলগ্ন অঞ্চলে সংঘাত, অস্থিরতা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির সাথে চলমান উত্তেজনা এবং আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দুর্বলতাগুলো বারবার উন্মোচিত হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা কিংবা আঞ্চলিক বিভিন্ন প্রক্সি যুদ্ধের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলো অনুধাবন করেছে যে তাদের প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ নয়।
মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা বহুকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ছাতার নিচে পরিচালিত হয়ে আসছে। কিন্তু ওয়াশিংটনের ওপর একমুখী নির্ভরশীলতা দেশগুলোকে দীর্ঘকাল সুরক্ষা দিলেও, পরিবর্তিত বৈশ্বিক ভূরাজনীতিতে ওয়াশিংটনের অগ্রাধিকার পরিবর্তন এবং মধ্যপ্রাচ্য নীতিতে তাদের দোলাচলের কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকেই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান নিজেদের আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিজেরাই গড়ে তুলতে বাধ্য হয়েছে।
৫
ন্যাটোর সাথে পার্থক্য ও সীমাবদ্ধতা।
যদিও গণমাধ্যমে এই চুক্তিকে অতিরঞ্জিত করে "মুসলিম ন্যাটো" বা ইসলামিক ন্যাটো বলা হচ্ছে, তবে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক গঠনে ন্যাটোর সাথে এর মৌলিক তফাত রয়েছে। যেমন-
# প্রথাগত ন্যাটোর মতো এই চুক্তির অধীনে এখনো কোনো স্থায়ী সমন্বিত সামরিক সদরদপ্তর, একক কমান্ড স্ট্রাকচার বা বছরজুড়ে মোতায়েন থাকা কোনো স্থায়ী যৌথ সামরিক বাহিনী গঠিত হয়নি।
# ন্যাটোর আর্টিকেল-৫ এ যেভাবে যেকোনো সদস্যের ওপর আক্রমণকে অবধারিত ও স্বয়ংক্রিয় সামরিক হস্তক্ষেপের বাধ্যবাধকতা হিসেবে দেখা হয়, মক্কা চুক্তির ভাষা ততটা কঠোর নয়। এতে সদস্য দেশগুলোকে নির্দিষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে কিছুটা কূটনৈতিক ও কৌশলগত নমনীয়তা রাখা হয়েছে।
উপরের সীমাবদ্ধতাগুলোর কারণে এটি রাতারাতি একটি বিশ্বস্ত পরাশক্তিতে পরিণত না হলেও, এটি ভবিষ্যতের একটি পূর্ণাঙ্গ যৌথ সামরিক কমান্ড গঠনের প্রাথমিক ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করছে।
৬
সম্প্রসারণের সম্ভাবনা: মিসরের সম্ভাব্য অন্তর্ভুক্তি।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ‘এডিটরস ডেস্ক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের লক্ষ্য হলো এই প্রতিরক্ষা উদ্যোগকে শুধু তিনটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য ও অঞ্চলের অন্য দেশগুলোকেও এর আওতায় আনা। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে অচিরেই মিসর এই জোটে যুক্ত হতে পারে। চুক্তির ধারা বর্ণনা করে তিনি বলেন, এই জোটের মূলনীতি হলো সদস্য তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তবে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এর কোনো আগ্রাসী বা সম্প্রসারণবাদী উদ্দেশ্য নেই।
৭
বাংলাদেশ ও ত্রিদেশীয় প্রতিরক্ষা অক্ষ: সম্ভাবনা ও প্রাসঙ্গিকতা।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার এই ঐতিহাসিক ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের সামনে কৌশলগত সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ ইতিমধ্যেই সৌদি নেতৃত্বাধীন ১৩ দেশীয় নৌ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে, যেখানে পাকিস্তান ও তুরস্কও অংশীদার হিসেবে রয়েছে। এটিকে আরেকটু এগিয়ে নিয়ে যদি বাংলাদেশ ত্রিদেশীয় এই প্রতিরক্ষা চুক্তির মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারে, তবে আঞ্চলিক আধিপত্যবাদের হুমকি থেকে নিজেকে মুক্ত করতে অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব হবে।
আসিয়ানে বাংলাদেশের সদস্যভুক্তির বিষয়টি বর্তমানে একটি জটিল পরিস্থিতিতে রয়েছে এবং ব্রিকস কিংবা অন্যান্য জোটেও ভারতের বিরোধিতার কারণে বাংলাদেশের অন্তর্ভুক্তি অনিশ্চিত। সার্ক বর্তমানে মৃতপ্রায় এবং পাকিস্তান মধ্য এশিয়ামুখী হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শক্তির ভারসাম্য কিছুটা পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্পৃক্ততা কার্যকর বিকল্প হতে পারে। প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফরের দ্বিপক্ষীয় আলোচ্যসূচিতে এই কৌশলগত সুযোগটি গুরুত্বের সাথে বিবেচিত হবে বলে আশা করি।
৮
আন্তর্জাতিক ভারসাম্যের পুনর্সংজ্ঞা: কার কী প্রতিক্রিয়া?
চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো ঘোষণা করেছে যে তাদের এই মৈত্রী প্রতিরক্ষামূলক, এবং এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তা সত্ত্বেও বৈশ্বিক এবং আঞ্চলিক অঙ্গনে এই জোটের সুদূরপ্রসারী প্রভাব অত্যন্ত স্পষ্ট।
# ভারত: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পাকিস্তানের অন্তর্ভুক্তি এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সাথে এই সামরিক ঘনিষ্ঠতা নতুন নিরাপত্তা সমীকরণ তৈরি করেছে। ভারতের কৌশলগত বিশ্লেষকরা এই জোটের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে মনেকরি, কারণ এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
# ইসরায়েল: মধ্যপ্রাচ্যে তুরস্কের ক্রমবর্ধমান সামরিক প্রভাব এবং সৌদি-পাকিস্তান অক্ষের এই মেলবন্ধনকে ইসরায়েল নিজেদের কৌশলগত নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে দেখছে। চুক্তির পরপরই তেল আবিবের কূটনৈতিক তৎপরতা তারই ইঙ্গিত দেয়।
# ইরান: তেহরান এই চুক্তিকে খুব একটা স্বস্তির সাথে দেখছে না। যদিও প্রকাশ্যে ইরান একে কোনো সরাসরি আগ্রাসী শক্তি বলতে নারাজ, তবুও পর্দার আড়ালে তারা একে নিজেদের আঞ্চলিক প্রভাব ও শিয়া বলয়ের বিপরীতে সুন্নি দেশগুলোর নতুন সুসংহত কৌশলগত চাপ হিসেবেই মূল্যায়ন করছে।
৯
ভবিষ্যতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ।
মক্কা চুক্তির ভবিষ্যৎ সাফল্য নির্ভর করবে এর ভেতরের অংশীদারদের অন্তর্নিহিত বৈপরীত্য ও চ্যালেঞ্জগুলো কত দক্ষতার সাথে মোকাবিলা করা হয় তার ওপর। আর তাই এই চুক্তির-
# সম্ভাবনা: তুরস্কের ড্রোন প্রযুক্তি, সৌদি আরবের সীমাহীন আর্থিক সম্পদ এবং পাকিস্তানের পারমাণবিক ও সামরিক দক্ষতার এই ত্রিমুখী সংমিশ্রণ যৌথ গবেষণা, অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সহযোগিতা আঞ্চলিক প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করতে পারে এবং পশ্চিমা অস্ত্র বাজারে এই দেশগুলোর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে।
# চ্যালেঞ্জ: তিনটি দেশের রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক মডেল এবং ভূরাজনৈতিক অগ্রাধিকার সম্পূর্ণ ভিন্ন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ক ও সৌদি আরবের অতীতের শীতল সম্পর্ক কিংবা আঞ্চলিক নেতৃত্ব নিয়ে কূটনৈতিক মতপার্থক্য যেকোনো সময় এই জোটে ফাটল ধরাতে পারে। এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য প্রয়োজন নিয়মিত কূটনৈতিক সংলাপ এবং পারস্পরিক বিশ্বাস।
১০
‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’ একটি সুপরিকল্পিত ও অত্যন্ত দূরদর্শী ভূরাজনৈতিক পদক্ষেপ, যা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে এক সুতোয় বেঁধে দিয়েছে। পারমাণবিক শক্তি থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, এই সুবিশাল সামরিক সামর্থ্যের মেলবন্ধন বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে একটি লক্ষণীয় পরিবর্তন আনতে পুরোপুরি সক্ষম। যদিও এর প্রাতিষ্ঠানিক কাঠামো ন্যাটোর মতো অতটা নিশ্ছিদ্র নয়, তবুও এর কৌশলগত ওজন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে বলে মনেকরি।
-----------------------------
©সুমন সুবহান
১১ আগষ্ট ২০২৬
মিরপুর ডিওএইচএস, ঢাকা