সোনা ব্যাঙের বিয়ে দিব
ইলশেগুঁড়ির দিনে
সাজপোশাক যেটাই লাগুক
আনবো আমি কিনে।
শেয়ালডাঙ্গা হাটে যাব
সঙ্গী হবে কে
পথ দেখাবে ঘুঁটে শালিক
বায়না ধরেছে।
কিটি বেড়াল আমার সাথি
সেও করেছে পণ
ব্যাগ ভর্তি রেণু নিয়েছে
হাজার টাকা মণ।
শেয়ালডাঙ্গা হাটটি বড়
লোক গিজগিজ করে
রেণু বেচে করবো সদাই
সারাটা দিন ধরে।
কাল ফিঙ্গেটা সঙ্গে যাবে
মোহন বাঁশি হাতে
সারাটা পথ ছায়া জোগাবে
গান শোনাবে সাথে।
শেয়ালডাঙ্গা অনেকটা পথ
যদি আঁধার নামে
চার বেহারার পালকি নিবো
শতেক কড়ি দামে।
