"বিবর্ণ সময়" কবিতাটি এক নিঃশব্দ স্তব্ধতা, স্বজন হারানোর বেদনা আর বিবর্ণ এক বিষাদঘন প্রোহরের চিত্রায়ন। কবিতার ক্যানভাসে শৈশবের দূরন্ত কোলাহল কিংবা কৈশোরের চপলতা আজ হঠাৎ করেই যেন চিরতরে থেমে গেছে। দ্বিপ্রহরের মুক্ত জলাশয়ে সাঁতরে বেড়ানো রাজহাঁসের চঞ্চলতা হারিয়ে প্রকৃতির বুকে নেমে এসেছে এক শ্মশান নীরবতা। তৃষ্ণার্ত কাকও ভুলে গেছে জলপানের কথা, বাতাসে কেবল ভেসে বেড়ায় তার করুণ ও আর্ত তীক্ষ্ণ চিৎকার। স্বজন হারানোর গভীর যন্ত্রণায় ভারী হয়ে থাকা পরিবেশ আর থমকে যাওয়া সময়ের এই করুণ আরতি কাব্যরূপ পেয়েছে এখানে। জীবনের এই নিঃসঙ্গতা, হারিয়ে ফেলার বেদনা ও বিবর্ণ সময়ের সুরকে আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু তাঁর সুগভীর ও দরদী কণ্ঠে অনবদ্য মায়ায় ফুটিয়ে তুলেছেন। বিষাদঘন সময় আর স্মৃতির এই স্তব্ধতা অনুভব করতে একান্তে শুনুন সম্পূর্ণ আবৃত্তিটি।