
ভিউস: ২
আগস্ট আবছায়া
১ বর্তমানে বইটির কততম মুদ্রণ চলছে তা জানা নেই তবে আমি দ্বিতীয় মুদ্রণ কিনেছিলাম। এরপর বইটা কয়েকবছর র্যাকে পড়েছিল। অবশেষে এবারে চারদিনের পূজার ছুটি বইটা পড়ার সুযোগ করে দিল। এমনিতে ঐতিহাসিক জনরার উপন্যাস পড়তে বেশি পছন্দ করি। ‘আগস্ট আবছায়া’ নামটা পড়ে মনেহয়েছিল এটা হয়তোবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের উপরে লেখা। পড়ার পর এককথায় যেটা মনেহলো, এটা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের উপরে লেখা একটা মেদবহুল উপন্যাস। উত্তম পুরুষে লেখা উপন্যাসের নায়ক ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। তার ভাবনার জগতে গাছপালা-পাখি-মানুষ-ইতিহাস-দর্শন-সাহিত্য-কাফকা-রাজনীতি ইত্যাদি যা যা খাপছাড়া ভাবে খেলা করে লেখক তাই প্রবন্ধের ভাষায় বর্ণনা করেছেন। এরফলে পাঠককে পড়ার সময় বারবার হোঁচট খেতে হয়। আমি নিজেও অনেকবার খেই হারিয়ে ফেলেছিলাম, উপন্যাস নাকি সাহিত্য সমালোচনা নাকি প্রবন্ধ পাঠ করছি বলে বিভ্রম হয়েছিল। কেন যেন মনেহয় উপন্যাসের নায়ক, অধ্যাপক সাহেবের মুখ দিয়ে লেখক আসলে পাঠককে জ্ঞান বিতরণ করেছেন।



