
ভিউস: ২
আড়িয়াল খাঁ
আমি ‘আড়িয়াল খাঁ’ উপন্যাসের দ্বিতীয় মুদ্রণ কিনেছিলাম, সেটার ওপরই লিখতে যাচ্ছি। এর আগে লেখক মাসরুর আরেফিন-এর ‘আগস্ট আবছায়া’ উপন্যাসের রিভিউ লিখেছিলাম, অনেকেই সেটা পছন্দ করেছেন। তবে এরমাঝে লেখকের ‘আন্ডারগ্রাউন্ড’ উপন্যাসটা পড়লেও ব্যস্ততার কারণে রিভিউ করা হয়নি। লেখকের এটি সম্ভবত চতুর্থ উপন্যাস এবং এটি পাঠকপ্রিয়তা অর্জন করেছে বলে জেনেছি। ওনার ‘আগস্ট আবছায়া’ উপন্যাসে যেমন ১৫ আগস্টে শেখমুজিব হত্যাকাণ্ড নিয়ে গভীরভাবে আবিষ্ট একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপকের মনের অনুভূতির প্রকাশ দেখি। তেমনি ‘আড়িয়াল খাঁ’ উপন্যাসের ঘটনাপ্রবাহ ১৯৮১ সালের ৩০শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরের সন্ধ্যাকে ঘিরে আবর্তিত। বাংলাদেশের ইতিহাসের একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময়কালকে ধারণ করেছে এই উপন্যাস। উপন্যাসের পাতায় নৌ-পুলিশ নৌকা থামিয়ে জাহেদকে জিজ্ঞাসা করে, ‘তুমি কি জানো দেশের পেরসিডেন্ট কোথায়? আর তিনি যদি নিহত হইয়া থাকেন, তাহা হইলে তার কবর কোথায়?’ কারণ তার ধারণা প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রামে মারা যাননি। তিনি বৃষ্টির মধ্যে পালিয়ে এসেছেন তারই কাটা লাখুটিয়ার খালে। উপন্যাসের বিভিন্ন চরিত্রের সংলাপ ও ভাবনার প্রকাশে এভাবেই তৎকালীন রাজনৈতিক অস্থিরতা, সামাজিক প্রেক্ষাপট এবং মানব মনের জটিলতা উঠে এসেছে।



