
ভিউস: ২
কুণাল ও তিষ্যরক্ষিতা উপাখ্যান- প্রেম, প্রতিহিংসা এবং অন্যান্য
সম্রাট অশোক সংকল্প করেছিলেন বৌদ্ধধর্ম প্রচারের জন্য তিনি দশ কোটি স্বর্ণমুদ্রা দান করবেন। নয় কোটি ষাট লক্ষ স্বর্ণমুদ্রা দান করা হলে মন্ত্রীরা জানালেন এভাবে চললে রাজকোষ শূন্য হয়ে যাবে। কিন্তু অশোক কথা শুনলেন না, রাজকোষ থেকে দানশালায় প্রচুর স্বর্ণমুদ্রা পাঠানো অব্যাহত থাকলো। কোষাগার শূন্য হবার উপক্রম দেখে মন্ত্রীরা নিরুপায় হয়ে অশোকের পৌত্র সম্পাদির কাছে অভিযোগ জানালেন। সম্পাদি তখন যুবরাজ। ভবিষ্যতে বহিঃশত্রু দ্বারা রাজ্যাক্রান্ত হলে সম্পদের অভাবে কিছুই করার সুযোগ থাকবেনা। যুবরাজ কোষাধ্যক্ষকে রাজাজ্ঞা পালন করতে নিষেধ করলেন। অশোক কোষাগার থেকে ধনরত্ন না পেয়ে প্রাসাদের রৌপ্যনির্মিত ধাতুপাত্রগুলো একে একে বিতরণ করতে লাগলেন। অবশেষে তাও শেষ হয়ে গেলে রাজপুরীতে মাটির পাত্রের ব্যবহার শুরু হয়। অবশেষে একদিন তিনি মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করলেন, এই রাজ্যের অধীশ্বর কে? তারা উত্তর দিলেন, মহারাজ আপনিই। সম্রাট অশোক অশ্রুপূর্ণ চোখে তাকিয়ে বললেন, এ কথা সত্য হতে পারেনা।



