
ভিউস: ১
অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন
‘তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে “আকাশে কী মেঘ করেছে দেখো?” আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে “চুলে জট বেঁধেছে”; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।’ ফেসবুকের কোন পাতায় কিংবা কারো টাইমলাইনের স্ট্যাটাসে গতবছরের মাঝামাঝি দীর্ঘ কবিতাটা পড়ার পর থেকেই মাথায় গেঁথে গিয়েছিল, ভাবছিলাম কে সেই ভাগ্যবান যার ভাবনা থেকে এমন অমিয়ধারা ঝরে পড়ে! কবিতার উপরে নিচে কোথাও কবির নাম উল্লেখ ছিল না। অবশেষে কবিকে খুঁজে পেয়েছিলাম, কবি স্বপ্নীল চক্রবর্ত্তী। রকমারিতে সার্চ করে তার দু’টা কাব্যগ্রন্থ পেয়েছিলাম, ‘অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন’ এবং ‘দীর্ঘতম স্নানের কাছে’। উপরের কবিতার লাইনগুলো ‘অন্তত কিছুক্ষণ বিষণ্ণ থাকুন’ কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘একটা তুমির গল্প’। এরপর এবারের বইমেলা থেকে কিনলাম ‘যে দুপুর বাহানা বানায়’, এভাবে একটা কবিতা পাঠের ভালোলাগা আমাকে কবির প্রকাশিত তিনটা কাব্যগ্রন্থই পাঠের অভিজ্ঞতা দেয়। নিচে আমার ভালোলাগা পর্যায়ক্রমে শেয়ার করতে যাচ্ছি।



