
ভিউস: ২
মব সন্ত্রাস বনাম জননিরাপত্তা: নবনির্বাচিত সরকারের প্রথম ও প্রধান চ্যালেঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন রাজনৈতিক অধ্যায়ে পদার্পণ করলেও, নবনির্বাচিত সরকারের জন্য মসৃণ পথের চেয়ে কাঁটা বিছানো চ্যালেঞ্জই বেশি দৃশ্যমান বলে মনেকরি। গত ১৭ মাসের মানবাধিকার পরিস্থিতি ও আইন-শৃঙ্খলার অবনতি রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে, যেখানে মব জাস্টিস বা গণপিটুনির সংস্কৃতি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পরিসংখ্যান বলছে, এই সময়ে মব সন্ত্রাসে অন্তত ২৫৯ জন প্রাণ হারিয়েছেন, যা বিচারহীনতার সংস্কৃতির এক ভয়াবহ বহিঃপ্রকাশ। এর সাথে যুক্ত হয়েছে থানা থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, যার একটি বড় অংশ এখনো অপরাধীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে। নবনির্বাচিত দল হিসেবে বিএনপির সামনে এখন বড় পরীক্ষা—তারেক রহমানের ঘোষিত ‘প্ল্যান’ বাস্তবায়নে দলীয় কর্মীদের দখলদারি ও সহিংসতা কঠোরভাবে দমন করা। কয়েক জায়গায় নব নির্বাচিত সংসদ সদস্যরা অবশ্য নিজ দলের কিছু নেতাকর্মীর শৃংখলা ভঙ্গের কারণে ব্যবস্থা নিয়েছেন। ঢাকা চেম্বারসহ ব্যবসায়িক মহল স্পষ্ট জানিয়েছে, আইন-শৃঙ্খলার উন্নয়ন ছাড়া অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয়।



