
ভিউস: ১
স্মার্টফোনে ডিপ ফেক-এর থাবা: আসন্ন নির্বাচনে অপতথ্যের ঝুঁকি ও আমাদের করণীয়
বাংলাদেশ আজ এক ঐতিহাসিক ও প্রযুক্তিনির্ভর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৬ সালের শুরুতে আমাদের প্রাক্কলিত জনসংখ্যা ১৭ কোটি ৬০ লাখ, যার মধ্যে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন। এই বিশাল ভোটারের প্রায় ৩৪ শতাংশ রাজধানী ও বিভাগীয় শহরসহ বিভিন্ন নগর এলাকায় বসবাস করলেও, সিংহভাগ অর্থাৎ প্রায় ৬৬ শতাংশ ভোটারই গ্রাম ও মফস্বল পর্যায়ের। এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশই তরুণ ও প্রযুক্তিনির্ভর, যারা তথ্যের জন্য প্রথাগত মাধ্যমের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি নির্ভরশীল। একইসাথে বিদেশে কর্মরত প্রায় ১ কোটি ৬০ লাখ বাংলাদেশির মধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন প্রবাসী ভোটার এবার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন। কিন্তু ‘স্মার্ট বাংলাদেশ’-এর ডিজিটাল আশীর্বাদই এখন যেন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে 'ডিপ ফেক' ও 'চিপ ফেক' ভিডিও বা অডিওর মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এই প্রযুক্তিগুলো আমাদের অজান্তেই জনমতকে প্রভাবিত করে গণতন্ত্রের মূল ভিত্তি নাড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।



