ঘরের দেয়ালে ঝুলে থাকা ক্যালেন্ডারের পাতা
কিংবা রাতজাগা ঘড়ির কাঁটা জানে,
জানে আমার দিকে চেয়ে থাকা সরীসৃপের চোখ-
কতবার মৃত্যুর দিকে এগোতে গিয়েও আমি থেমে গেছি।
শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য-
চিবুকের চাহনি-ব্যক্তিগত ভাষা-রকের আড্ডা
চলার ভঙ্গি বদলেছি, ভুল যা ছিলো শুধরেছি।
তোমাকে খুঁজে পাওয়ার জন্য কিনা করেছি!
আমার ঈশ্বর জানেন, আমি কিই না করেছি।
যদি কখনো শ্রাবণ ভেজা দিনে-
বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দেয় চোখের কোমল পাতা,
যদি জানালার চৌকাঠ বেয়ে জুলফিতে মিশে যায় বেলী
দোলন চাঁপা কিংবা হাস্নাহেনার ঘ্রাণ তবে বুঝে নিও
আমি ছিলেম কাছেপিঠে কোথাও।