
ভিউস: ২
কবি মুস্তফা আনোয়ার- একজন নিভৃতচারী কবি
‘বৈশাখের রুদ্র জামা আমাকে পরিয়ে দে মা আমি তোর উজাড় ভাঁড়ারে বারুদের গন্ধ বুক ভরে নেব। এখন তোর ভীষণ রোগ, গায়ে চুলো গন্ গন্ করছে, আমাকে পুড়িয়ে দিলি মা। নাৎসী হাওয়া তোর পিদিমে ফুঁ দিতেই, চপ চপ করে ভিজে গেল মুখ এতো রক্ত কেনরে মা, এত রক্ত কোনো দিন আমি দেখিনি– দেখিনি মা। আমি জানি আমার শার্টের রক্তের দগদগে চিহ্ন তোর পতাকার বুকের ভিতর দাউ দাউ জ্বলছে আমি রক্তের প্রতিশোধ নেব মারে’ ষাটের দশকের অন্যতম কবি মুস্তফা আনোয়ার মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কবিতার ছন্দে উপরের কথাগুলো উচ্চারণ করেছিলেন। চিন্তায় এবং মননে তিনি ছিলেন আপাদমস্তক একজন কবি, চাকুরি করতেন রেডিওতে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকসেনাদের ভয়াবহ ক্র্যাকডাউনের পরপর যে তিনজন অকুতোভয় রেডিও কর্মকর্তা জীবনবাজি রেখে চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র চালু করেছিলেন মুস্তফা আনোয়ার ছিলেন তাদের অন্যতম।



